সিলেটে পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ৭০: বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, সিলেট | মোঃ আফসার আহমদ
সিলেট মহানগরীতে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় ছিনতাইকারী, মাদক কারবারি ও চোরাচালানকারীসহ মোট ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, মহানগরের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত এই বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ জন চিহ্নিত ছিনতাইকারী রয়েছে। এছাড়া মাদকসহ ১০ জন, ৫ জন মাদকসেবী, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং নগরের বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আরও ১৯ জনকে আটক করা হয়েছে।
অভিযানের একটি বড় সাফল্য হিসেবে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। চোরাচালানের অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে প্রায় ৩৯ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধমুক্ত নগরী গড়তে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
